রোজদিন ডেস্ক : ভেঙে টুকরো টুকরো হল তৃণমূল কংগ্রেস। পরিষদীয় দলের পর লোকসভাতেও ভাঙল তৃণমূল। খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই দল ভাঙল। দুপুরে স্পিকারকে চিঠি দেওয়ার পর দিনের শেষে ফের একপ্রস্থ বৈঠকে বসেন বিদ্রোহী সাংসদরা। এদিন সন্ধ্যায় সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে চা চক্রে মিলিত হন বিদ্রোহী সাংসদরা। ওই চা চক্রে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বৈঠক ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা। লোকসভার কায়দায় রাজ্যসভাতেও এবার অপারেশন চালাতে পারে বিজেপি, এমনই আশঙ্কা ঘাসফুল শিবিরে। তবে এই নিয়ে বিদ্রোহীরা কেউই খোলসা করে কিছু বলেননি। তবে সূত্রের খবর, এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে শতাব্দী রায়, আবু তাহের, খলিলুর রহমান, অসিত মাল বিদ্রোহীদের দলে যোগ দিয়ে নিজেদের কিছু সমস্যার কথা বলেন। তার পরেই সন্ধ্যায় শতাব্দীর বাড়িতে চা চক্র। সূত্রের খবর, তাঁদের সেই সমস্যা মেটাতেই বিদ্রোহী তৃণমূল সাংসদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেখানে কী আলোচনা হল, সে বিষয়ে মুখে কুলুপ সব পক্ষেরই।

Be the first to comment