রোজদিন ডেস্ক : বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবারও সংসদের বাইরে ও ভিতরে ঝড় তুললেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভায় আজ এই নিয়ে সরন হন দোলা সেন। বলেন, সেন্ট্রাল এক্সাইজ অ্যামেনমেন্ড বিল নিয়ে জবাবী ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেভাবে ওই বিষয়ের সঙ্গে ১০০ দিনের কাজে বাংলার বকেয়া নিয়ে অসত্য কথা বলেছেন আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তিনি অসত্য কথা বলে সংসদকে এবং দেশকে বিভ্রান্ত করছেন। বাংলাকে অপমান করছেন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সবাই যখন কেন্দ্রকে বকেয়া দেওয়ার নির্দেশ দিয়েছে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য কোনভাবেই মানা যায় না। এর পাশাপাশি এদিন সাংসদরা পথে নেমে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন না বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খাতে বাংলার বকেয়া ২ লক্ষ কোটি টাকা দিচ্ছে মোদি সরকার, ততদিন চুপ করে থাকবে না তৃণমূল৷ সোমবার অধিবেশনের শুরু থেকেই সংসদের ভিতরে ও বাইরে এই দাবিতে সোচ্চার হন তৃণমূল সাংসদেরা৷ এদিন সংসদের অধিবেশন শুরুর আগেই দিল্লির বিজয়চক থেকে পর্যন্ত বিক্ষোভ-মিছিল করেন তৃণমূল সাংসদেরা৷ হাতে ছিল বাংলার বকেয়া টাকার দাবি-সংবলিত পোস্টার৷ প্রতিবাদ-মিছিলে শামিল হন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, শর্মিলা সরকার, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, বাপি হালদার, মিতালি বাগ, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। কাকলি ঘোষ দস্তিদার ক্ষোভ উগরে দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা বাংলায় সবকিছু খতিয়ে দেখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সবই নিয়ম মেনেই হয়েছে, কোথাও কোনও অনিয়ম নেই। তাঁদের রিপোর্টে কোনও দুর্নীতির কথাও বলা হয়নি। তবুও বিজেপি নেতাদের মিথ্যে কথা শুনে ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং জলজীবন মিশনের টাকা আটকে রেখেছে মোদি সরকার। এর বিহিত চাই। এই প্রতিবাদ ও মিছিলের পরে লোকসভার অধিবেশনেও বাংলার বকেয়া নিয়ে সোচ্চার হন তৃণমূল সাংসদেরা। আগামী কাল শুক্রবারও এই ইস্যুতে সংসদে বিক্ষোভ দেখাবে তৃণমূল।

Be the first to comment