এবার রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ বেপাত্তা টুলু মন্ডলও

Spread the love

রোজদিন ডেস্ক :

তাঁর আত্মীয়ের বাড়ি থেকে টাকার পাহাড়, বিপুল সোনা ইত্যাদি উদ্ধারের পর থেকেই বেপাত্তা তিনি। বীরভূমের সেই পাথর ব্যবসায়ী টুলু মন্ডল এবার রক্ষা কবচ ও নিরাপত্তা চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন।

আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে তাঁর আইনজীবী দৃষ্টি আকর্ষণ করেন। বিচার পতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে এই শুনানি হতে পারে।

প্রসঙ্গত, টুলু মন্ডলের আত্মীয় মিনার মন্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা, সোনা উদ্ধার হওয়ার ঘটনা শিরোনামে আসার পর থেকেই বেপাত্তা তিনি।

মিনার মন্ডল কে পুলিশ গ্রেফতার করলেও টুলু মন্ডলের হদিশ এখন ও মেলেনি। পরন্তু আজ তাঁর শ্বশুর বাড়িতে তল্লাশি করার তোড়জোড় করছে পুলিশ।

এই সব প্রেক্ষিতে টুলু মন্ডলের রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার খবরে বিভিন্ন মহলে বিস্ময় ও কৌতূহল দেখা দিয়েছে। তাঁর বিরুদ্ধে বিপুল দুর্নীতি, সরকার কে কর ফাঁকি দেওয়া সহ বহু অভিযোগ ছাড়া খুনের মামলাও আছে বলে জানা যায়।

আপাতত তাঁর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল টাকা, সোনা উদ্ধারের মামলার অভিযোগ নিয়েই তিনি রক্ষাকবচের আবেদন করেছেন বলে সূত্রের খবর।

টুলু মন্ডলের অন্যতম ম্যানেজার সীতেশ প্রামানিক কে গ্রেফতার করে এক ডায়েরির হদিশ পেয়েছেন তদন্ত কারীরা। সেখানে টুলুর নির্দিষ্ট মানুষ দের “ভেট” দেওয়ার তালিকায় বহু পুলিশ, সরকারি আধিকারিক দের নাম ও মিলেছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে রীতিমত ব্যাক ফুটে থাকা টুলু মন্ডল কে নিয়ে বিভিন্ন মহলে চর্চাও অব্যাহত। এতে তাঁর রক্ষাকবচের আবেদন নতুন মাত্রা যোগ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*