রোজদিন ডেস্ক, কলকাতা:- বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে বিস্ফোরণের হুমকি! সোমবার সকালে মুম্বই পুলিশের হেল্পলাইন নম্বরে একটি ফোন আসায় তীব্র চাঞ্চল্য ছড়ায় শহরে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে মুম্বইয়ে বড়সড় বিস্ফোরণ হতে পারে বলে হুমকি দেন।
সকাল প্রায় ৯টা নাগাদ এটি ফোন আসে মুম্বই পুলিশের ১১২ হেল্পলাইন নম্বরে।
ফোনের ওপার থেকে রাজীব সিং নামে এক ব্যক্তি জানান, শহরের পথে তিনি কোনও ব্যক্তির কানাঘুষোয় শুনেছেন যে মুম্বই শহরে বড়সড় বিস্ফোরণ হতে পারে। এই ফোন পাওয়ার পরই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে মুম্বই পুলিশ। দ্রুত তদন্তে নামে বোম্ব স্কোয়াড। মুম্বই শহরের বেশকিছু এলাকা ঘিরে ফেলা হয় এবং শহরজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
তবে দীর্ঘ তল্লাশির পর কোনওরকম সন্দেহজনক বস্তু বা পরিস্থিতির খোঁজ মেলেনি। এরপরই পুলিশ নিশ্চিত হয় যে আসলে এটি একটি ভুয়ো ফোন কল এবং রাজীব সিং নামে ওই ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বলেছেন। মিথ্যা ফোন করে শহরের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
অন্যদিকে, আজ সোমবার সকালেই হায়দরাবাদে বড়সড় হামলার একটি ছক বানচাল করেছে পুলিশ। নিজামের শহর থেকে আইসিসের মদতে হামলার পরিকল্পনা করা দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এমন একটি ঘটনার দিনই মুম্বইয়ে বিস্ফোরণের হুমকি ফোন আসায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে এবং পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়।

Be the first to comment