প্লাবিত ঘাটাল, পরিস্থিতি দেখতে আগামী সপ্তাহে যেতে পারেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর ডিভিসির ছাড়া জল। এর ফলে প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। জলযন্ত্রণাক্লিষ্ট সেখানকার মানুষজন।

এবার সেই পরিস্থিতি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ই আগষ্ট ঘাটাল যাওয়ার সম্ভাবনা তাঁর। তার আগে হুগলির আরামবাগেও যেতে পারেন। ঘাটালের প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখে ওইদিন চলে যেতে পারেন ঝাড়গ্রামে। পরেরদিন অর্থাৎ ৬ই আগষ্ট সেখানে ‘ভাষা আন্দোলনে’ শামিল হবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে তাঁর নেতৃত্বে হবে ভাষা মিছিল।

সূত্রের খবর, বুধবার, ৬ই আগষ্ট সকালে সেখান থেকেই ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে শুক্রবার। যদিও, এনিয়ে রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী ঘাটালে আসবেন কিনা, তা নিয়ে এখনও আমাদের কাছে অফিসিয়াল কোন তথ্য আসেনি।’

প্রসঙ্গত উল্লেখ্য, ঘাটালবাসীর যন্ত্রণার অবসান ঘটাতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। তবে তা শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*