MLA REKHA PATRA: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র

Spread the love

প্রতিবেদন: হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে তাঁর শরীরে বিষক্রিয়া ধরা পড়ে। আপাতত সংকটজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সূত্রের খবর, শনিবার রাতে বাড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে বিষক্রিয়া হয়। তড়িঘড়ি রেখাকে ওই রাতেই বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে তারপর সেখান থেকে নিয়ে এসে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।কীভাবে তাঁর শরীরে বিষক্রিয়া হল, তা নিয়ে স্পষ্ট করে পরিবার বা দলের তরফে কিছু জানানো হয়নি। রবিবার সকালে বিজেপির তরফে অবশ্য জানানো হয়েছে বিধায়ক রেখা পাত্রর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁর ঠিক কী হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ২০২৪ সাল থেকে বসিরহাট মহকুমার সন্দেশখালি থেকে বিজেপি নেত্রী রেখার উত্থান। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে গড়ে ওঠা আন্দোলনে বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছিলেন রেখা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে। কিন্তু তিনি হেরে যান। এরপর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। বিধায়ক হওয়ার পর থেকেই জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে একাধিকবার শিরোনামে এসেছেন এই বিজেপি নেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*