জাতীয় পুরস্কারের মুকুট এবার শাহরুখের মাথায়, ৩৩বছর পর; আবেগে ভাসলেন কিং খান

Spread the love

দীর্ঘ ৩৩ বছর পর জাতীয় পুরস্কার জিতলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। স্বাভাবিক ভাবেই শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে শুরু হল অভিনন্দন বার্তার ঢল।

চিকিৎসাধীন অবস্থায়, হাতে আর কোমরে সাপোর্ট বেল্ট পরে একটি ভিডিও বার্তায় ধরা দিলেন শাহরুখ খান। জানালেন, জাতীয় পুরস্কার পাওয়া তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। আবেগাপ্লুত বাদশা বলেন, “জাতীয় পুরস্কার এমন একটা প্রাপ্তি, যা নিয়ে আমি সারা জীবন গর্ব করব।”

ভিডিও বার্তায় শাহরুখ ধন্যবাদ জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জুরি বোর্ড, পরিচালকদের— সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, বিশেষ করে অ্যাটলি ও তাঁর গোটা টিমকে। বলেন, “জওয়ান”-এর সুযোগ তাঁকে নতুন করে নিজেকে প্রমাণ করার মঞ্চ দিয়েছে। একই সঙ্গে কৃতজ্ঞতা জানান নিজের টিম, স্টাইলিস্ট ও সকলকে, যাঁরা সব সময় তাঁকে আরও ভাল করে তোলার চেষ্টা করেছেন।

শাহরুখের কথায়, এই পুরস্কার শুধুই কেরিয়ারের স্বীকৃতি নয়, বরং এটা একটা বড় দায়িত্বের প্রতীক। “এটা মনে করিয়ে দেয়, অভিনয় কেবল কাজ নয়, এটা একটা দায়িত্ব। সত্যি তুলে ধরার দায়িত্ব,”— বলেন তিনি। সঙ্গে জানান, এই সম্মান তাঁর কাছে আরও ভাল কাজ করার অনুপ্রেরণা।

পরিবারের কথাও বলেন কিং খান। স্ত্রী গৌরী এবং সন্তানদের ভূয়সী প্রশংসা করে বলেন, “শেষ চার বছরে ওরা আমায় অনেক ভালবাসা দিয়েছে, যেন আমি-ই বাড়ির সবচেয়ে ছোট। সিনেমার টানে ওদের থেকে দূরে থাকি, তাও সব সময় ওরা আমায় সাহস জুগিয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*