রোজদিন ডেস্ক : গত কয়েকদিন ধরেই জেলাওয়াড়ি সাংগঠনিক ও পদাধিকারীদের তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। শনিবারও একাধিক জেলার তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকা সামনে আসতেই দলের অন্দরের চোরাস্রোত ক্রমশ বাইরে চলে আসছে।
গতকালই ব্লক কমিটি ঘোষণা হয়েছিল। আর ঠিক তার কিছুক্মণের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সমীর পাঁজা। তিনি হাওড়া গ্রামীণের অন্যতম বিধানসভা কেন্দ্র উদয়নারায়ণপুরের বিধায়কও। ছাব্বিশের ভোটের মুখে তাঁর এই পদত্যাগ, যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত দলের তরফে একটি শব্দও খরচ করা হয়নি। সূত্রের খবর, ইতিমধ্যে তিনি দলের সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন তাঁর ইস্তফাপত্র। এই প্রসঙ্গে বিধায়ক সমীর পাঁজা বলেন, আমি আমতা, উলুবেড়িয়া উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের বদলে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। দলীয় নেতৃত্ব এই নিয়ে আমাদের নিয়ে বৈঠক করার কথাও বলেছিল। যদিও কোনও বৈঠক হয়নি। এরপর আমাদের সঙ্গে কোনও কথা না বলেই শনিবার দলের তরফে জেলা কমিটি ঘোষণা করে দেওয়া হল। এর প্রতিবাদেই আমি পদত্যাগ করেছি। সমীর পাঁজার এই পদক্ষেপ নিয়ে জেলার নেতারাও অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।

Be the first to comment