বেআইনি টোটোয় (illegal toto) রাশ টানতে নয়া দাওয়াই রাজ্যের, বিজ্ঞপ্তি জারি পরিবহণ দফতরের

Spread the love

রোজদিন ডেস্ক : এতদিনে হুঁশ ফিরল প্রশাসনের। বেআইনি টোটোয় (illegal toto) লাগাম পরাতে এবার আসরে নামল রাজ্যের পরিবহণ দফতর। একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি, বেলাগাম ভাড়া, বেপরোয়া চালক, যত্রতত্র কাটা রুট, সব মিলিয়ে গত কয়েক বছরে প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল টোটো যা কোনওভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এবার টোটোয় রাশ টানতে কড়া হাতে ব্যবস্থা নিল রাজ্য প্রশাসন।

টোটো নীতি ঘোষণা করল রাজ্য পরিবহণ দফতর। দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে আর জাতীয় ও রাজ্য সড়কে টোটো চালানো যাবে না। সেইসঙ্গে টোটো চালাতে হলে নিয়ম মেনে নিতে হবে পারমিট। থাকবে নম্বর প্লেটও। টোটো চালকদের লাইসেন্সও বাধ্যতামূলক করা হয়েছে। সবমিলিয়ে টোটোর ওপর রাশ টানতে বদ্ধপরিকর প্রশাসন।

পরিবহণ দফতর প্রকাশিত ১১ পাতার বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এ বার থেকে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না এই তিন চাকার যান। দীর্ঘদিন ধরেই শহর ও গ্রামাঞ্চলে দেদার টোটো চললেও তার বেশিরভাগই ছিল বেআইনি। টোটো চালানোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে।

এত দিন পর্যন্ত টোটো থেকে কোনও রাজস্ব আদায় হত না সরকারের। নতুন নির্দেশ কার্যকর হলে প্রতি বছর এই যানের জন্য বার্ষিক কর নেওয়া হবে, ফলে রাজস্ব বাবদ আয় বাড়বে। টোটোর বদলে ধীরে ধীরে ই-রিকশা নামানোর জন্য সময় দেওয়া হবে। তবে দফতর জানিয়েছে, তাড়াহুড়ো করে তা কার্যকর করতে তারা রাজি নয়। আগে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতে ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করে রুট চিহ্নিত করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*