রোজদিন ডেস্ক : আজ রবিবার কলকাতার রেড রোডে পুজো কার্নিকাল। গত ১০ বছরে বাংলার শারদোৎসবের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে এই কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেবে শহর ও শহরতলির বিখ্যাত কিছু পুজো। থাকবেন বিশিষ্টরাও। তবে এর মধ্যে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। ভারি থেকে হালকা বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়।
রবিবার কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল। আর কার্নিভালের আগের রাতেই শোনা গেল আকাশের গর্জন। রাতের কলকাতায় ও শহরতলিতে ঝড়-বৃষ্টি হয়েছে। কোথাও ভোর পর্যন্ত চলেছে সেই বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাতও। আলিপুরে বৃষ্টির পরিমাণ ছিল ৭০.৭ মিলিমিটার। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা থেকেও বৃষ্টি খবর মিলেছে। আজ, রবিবার সকালেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জন্য। তবে বিকেলের দিকে সেভাবে দূর্যোগের কোনও পূর্বাভাস নেই। তাই কার্নিভাল নিয়ে আপাতত কোনও আশঙ্কা থাকছে না। এবার এক নজরে দেখে নেওয়া যাক দুর্গা কার্নিভাল—-
-রেড রোডে আজ রবিবার অনুষ্ঠিত হবে দুর্গা কার্নিভাল।
-এবছর ১০ বছরে পা দিল কার্নিভাল।
-বিকেল সাড়ে চারটা থেকে শুরু।
-বিশ্ব বাংলা শারদ সম্মানজয়ী পুজো কমিটিগুলি অংশ নেবে।
-উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার মনোজ বর্মা, মন্ত্রী, টলিপাড়ার শিল্পী, কবি, সাহিত্যিক, চিত্রপরিচালক ও ক্রীড়াবিদরা।
-প্রতিটি পুজো কমিটি নিজস্ব থিমে শোভাযাত্রা সাজিয়েছে – বিশেষ পোশাক, থিম সং ও নৃত্যানুষ্ঠান থাকবে।
-গত দু’দিন ধরে চলছে মহড়া।
-শনিবার রাজ্যের সব জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে কার্নিভাল।
-ভিড় সামলাতে কলকাতা পুলিশের বিশেষ ট্রাফিক ব্লুপ্রিন্ট তৈরি।
-দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি চলবে না।
-এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস পর্যন্ত পথে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
-শুধুমাত্র দুর্গা কার্নিভালের স্টিকার লাগানো যান চলতে পারবে।

Be the first to comment