রোজদিন ডেস্ক : স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঘরে ফিরছেন সুদূর ইরাকে আটকে পড়া কাকদ্বীপের পরিযায়ী শ্রমিকরা। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রচেষ্টাতেই ইরাকে কাজে গিয়ে আটকে থাকা বাংলার শ্রমিকরা দেশে ফিরতে শুরু করেছেন। বুধবার বাড়ি ফিরেছেন মফিজুল মণ্ডল নামে এক শ্রমিক। শনিবার আরও তিন শ্রমিক রওনা দেবেন বলে জানিয়েছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। বৃহস্পতিবার মথুরাপুরের কৃষ্ণ চন্দ্রপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নথি প্রস্তুত করতে সময় লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এটা সম্ভব হচ্ছে।

২ বছর আগে এজেন্সির মাধ্যমে ইরাকের এক কারখানায় কাজে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ১২ জন পরিযায়ী শ্রমিক, তার মধ্যে ৮ জন নামখানা ব্লকের বাসিন্দা। কিন্তু চুক্তির মেয়াদ শেষের পরও শ্রমিকদের ছাড়ছিল না মালিকপক্ষ। উল্টে মজুরি না দিয়ে আটকে রেখে কারখানার মালিক শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। আট মাস ধরে পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছিলেন না শ্রমিকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও মারফত শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশে ফেরার আর্জি জানান। খবর পেয়ে শ্রমিকদের দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন অভিষেক। মথুরাপুরের সাংসদ বাপি হালদারকে শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার ইরাকে আটকে থাকা শ্রমিকদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেন বাপি হালদার।

Be the first to comment