রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রীর মুখের ভাষায় রাজ্যের সংস্কৃতি নষ্ট হচ্ছে। শুধু তিনিই না, দিল্লিওয়ালারাও (পড়ুন বিজেপি) এতে কম যায় না বলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে মুখ্যমন্ত্রী যে ভাবে ও ভাষায় আক্রমণ করেছেন তার সমালোচনা করেন তিনি। বলেন, উনি (সিইও) যদি এতই অপছন্দের, তবে সরকার ওঁর নাম পাঠালো কেন?? আর মুখ্যমন্ত্রী যে ভাষায়, যে ভাবে কথা বলেন, এর পরিণতি কোথায় যাবে তা নিয়ে উদবেগ ব্যক্ত করেন।
ইডি প্রসঙ্গ : পুজো পেরোতেই কলকাতা সহ রাজ্যে ফের ইডি-র হানা প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, ভোটের আগে ইডি যেমন আসে, তেমন তৃণমূল নেতাদের এত বিপুল সম্পত্তিই বা কিভাবে হল!! আর ভোটের আগে ইডি এল, এর পরেই কি উধাও হয়ে যাবে বলে প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, আজ সকাল থেকে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি-সহ একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। যা নিয়ে ক্ষুব্ধ শাসক দলের বক্তব্য, ভোটের আগে ওঁরা তাঁদের বদনাম করতে আসেন। কিন্তু কিছু না পেয়ে আবার এই তৎপরতা হিমঘরে চলে যায়।
সিপিএম নেতা, বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতে, আদালতের নির্দেশে ইডি কাজ করছে। তবে রাজ্যের বিপুল দুর্নীতি নিয়ে ইডি যদি সময় মত সব তদন্ত করতো, অনেকেরই জেল যাত্রা হোত বলে তিনি পৃথক ভাবে মন্তব্য করেন।

Be the first to comment