রোজদিন ডেস্ক : বন্ধুকে বাঁচাতে গিয়ে মিরিকের লেকে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক তরুণের। সূত্রের খবর, সাহিল রাই (২২) ও তাঁর বন্ধু গতকাল মিরিক লেকে যান। বন্ধু কিছুদিন অবসাদগ্রস্ত ছিলেন। আচমকাই তিনি লেকের জলে ঝাঁপ দেন। মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে জলে ঝাঁপ দেন সাহিলও। বন্ধুকে বাঁচিয়ে কোনক্রমে পাড়ের কাছে আনতে পারলেও লেকের জলে তলিয়ে যান তিনি। উপস্থিত মানুষজন দেখতে পেয়ে তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতভর তল্লাশি চালিয়ে সাহিলের প্রাণহীন দেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। মৃত তরুণ মিরিকের খরবু চা বাগান সংলগ্ন বাহাদুর গাঁও-এর বাসিন্দা। বাড়ির তরতাজা ছেলের এমন মৃত্যুতে মুহ্যমান তাঁর পরিবার।
স্থানীয় মানুষের প্রশ্ন, মিরিক লেকের মত আকর্ষণীয় পর্যটন এলাকায় কি করে অন্যর চোখ এড়িয়ে এই ঘটনা হল! তাঁরা লেকের নজিরদারি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
যদিও স্থানীয় পুরসভার দাবি, ওখানে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী থাকেন। কিভাবে এই ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment