রোজদিন ডেস্ক : নাম ছিল না ২০০২-এর ভোটার তালিকায়। সেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। কী হবে বুঝতে পারছিলেন না প্রৌঢ় অশোক সরদার। অবশেষে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পেশায় রিক্শাচালক অশোক। অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনায় শোরগোল কামারহাটিতে। কামারহাটি পুরসভার প্রফুল্লনগর লো ল্যান্ডের বাসিন্দা অশোকের পরিবারের আঙুল এসআইআরের দিকে। অশোক প্রফুল্লনগর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। তা নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে বুঝিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। শেষ কয়েক সপ্তাহ কাগজের জন্য অনেক ঘোরাঘুরি করেছিলেন। বুধবার সকাল থেকেও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছিলেন। সন্ধ্যায় বেলঘরিয়া দমদমের মাঝের সিসিআর ব্রিজের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় আরজি করে চিকিৎসাধীন। তাঁর একটি পায়ের গোড়ালি কাটা গিয়েছে বলেই জানা গিয়েছে। অশোকের মেয়ে বলেন, বাবার নাম ছিল না। কিন্তু ঠাকুমার নাম ছিল ২০০২ সালের তালিকায়। এই নিয়ে বাবা চিন্তায় ছিল।

Be the first to comment