প্রয়াত বিধায়কের দীর্ঘায়ু কামনা করে চিঠি রাজভবনের, তদন্তের আদেশ রাজ্যপালের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রয়াত এক বিধায়কের দীর্ঘায়ু কামনা করে চিঠি এল রাজভবন থেকে! বুধবার এই চিঠির খবর প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে রাজভবন। পরে রাতের দিকে এই ভুলের জন্য কারা দায়ী, জানতে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। যদিও রাজভবনের সেই ভুলকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল বোসের কার্যকালের তিন বছর পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে যে শুভেচ্ছাপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং সকল বিধায়কদের পাঠানো হয়েছিল, তার মধ্যেই ছিল দুটি বিতর্কিত চিঠি। একটি পাঠানো হয় তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার নামে, যিনি চলতি বছরের ১৫ মে প্রয়াত হয়েছেন। অন্যটি যায় সদ্য আদালতের রায়ে বিধায়কপদ খারিজ হওয়া মুকুল রায়ের ঠিকানায়।দু’জনেরই বর্তমান অবস্থান বিধানসভার রেকর্ডে স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও রাজভবনের তরফে কীভাবে এমন ভুল হল, তা নিয়ে প্রশ্ন উঠছে সচিবালয়ে। বিধানসভার একাংশের বক্তব্য, রাজভবন ও বিধানসভার মধ্যে নিয়মিত সাংবিধানিক যোগাযোগ থাকা সত্ত্বেও এই ত্রুটি অনভিপ্রেত। প্রশ্ন উঠছে, তাপস সাহার মৃত্যু নিয়ে শোকসভা পর্যন্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সেই নামেই যখন চিঠি যায়, তখন স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিতর্ক শুরু হতেই রাজ্যপালের তরফে তাঁর ওএসডি জানিয়েছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত ভুল। কেউ চাইছে রাজ্যপালের ভাবমূর্তি ক্ষুন্ন করতে। আগেও এমন ঘটেছে। চিফ অফ স্টাফের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলছে রাজভবন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*