রোজদিন ডেস্ক : ফের রাতের কলকাতায় শুটআউট। ফের সেই কসবা। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরত্বে এই ঘটনা ঘটে। শুটআউট নিয়ে অবশ্য কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। গুলিতে জখম হন এক যুবক। নাম অভিজিৎ নাইয়া (২১)। বাড়ি কসবার প্রান্তিক পল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত এগারোটা নাগাদ কসবায় খালের পাশে পরিত্যক্ত জায়গায় আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন অভিজিৎ। তিনি আপাতত ভর্তি হাসপাতালে। যুবকের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে কিছু মদের বোতল, খাবারের প্যাকেট মিলেছে। মিলেছে কার্তুজের খোল। কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তাঁরা।২০২৪ সালের ১৫ নভেম্বর কসবাতে গুলি চলেছিল। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে তাঁরই বাড়ির সামনেই গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু কপাল জোরে বেঁচে যান তিনি।

Be the first to comment