রোজদিন ডেস্ক : এবার খোদ হোয়াইট হাউজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি। গুলিতে মৃত্যু হল ন্যাশনাল গার্ড মেম্বারের দুই সদস্যের। তাঁরা দু’জনেই ওয়াশিংটন ডিসির নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে। ঘটনার পরই তুমুল আতঙ্ক ছড়িয়েছে মার্কিন মুলুকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তোপ দেগেছেন। ঘটনার পরই হোয়াইট হাউজের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনীও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একজনকে আটক করেছে পুলিশ। তিনি আফগান নাগরিক। বয়স তিরিশের কোঠায়। নাম রহমানুল্লাহ লাকানওয়াল। তিনিই হামলাকারী বলে পুলিশের অনুমান। কেন এই হামলা, জানতে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান অভ্যুত্থানের সময় আমেরিকায় চলে আসে রহমানুল্লাহ। হামলার আগে নর্থ-ওয়েস্ট ডিসির ফ্যারাগুট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিল। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ হামলাকারী গুলি চালায়। একজন মহিলারক্ষীর বুকে গুলি লাগে। এরপর আর এক রক্ষীকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় তৃতীয় আরেকজন রক্ষী এসে অভিযুক্তকে ধরে ফেলে। তবে অভিযুক্ত বেঁচে আছে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। গুলিতে আরও দুই রক্ষী জখম হয়েছেন। এফবিআই সূত্রে খবর, এটা সম্ভবত জঙ্গি হামলা। আততায়ী একাই ছিল। কীভাবে সশস্ত্র অবস্থায় সে ওইখানে পৌঁছে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment