রোজদিন ডেস্ক : তিনি ছিলেন সাম্যের প্রতীক। ধর্মান্ধতার বিরোধী। এপার বাংলা, ওপার বাংলার সম্প্রীতির কবি, সাম্যের কবি নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ হলেন ভারত বিরোধী, দক্ষিণপন্থী ছাত্র নেতা ওসমান হাদি। আজ দুপুরে ঢাকার মানিক মিয়াঁ এভেনিউ-এ কবি নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির পরিবারের দাবি মেনে নিহত ছাত্র নেতাকে সমাধিস্থ করা হয়। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
হাদির মৃত্যুর প্রেক্ষিতে গত দুদিনের ভয়ংকর তান্ডবের পর আজ কিছুটা হলেও শান্ত হয়েছে বাংলাদেশ। তবে পরিস্থিতি এখনও থমথমে।
হাদির শেষকৃত্য উপলক্ষে আজ সকাল থেকেই বহু মানুষের গন্তব্য ছিল মানিক মিয়াঁ এভেনিউ। বর্তমান সরকার আজ ওই দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
শেষকৃত্য অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে শান্তি রক্ষায় কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
ইনক্লাব মঞ্চের পক্ষে নির্দেশ ছিল, বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া অন্য কোন পতাকা আনা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক, একাধিক দৈনিকের সম্পাদক সহ বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
ওসমান হাদির শেষকৃত্যের পর শাহবাগে বহু মানুষ অবস্থান করেন। শোনা যায় ভারত বিরোধী ধ্বনিও।

Be the first to comment