মনরেগার উপর বুলডোজার চালিয়েছে কেন্দ্র, তীব্র প্রতিবাদ সনিয়ার

Spread the love

পিয়ালি :

মনরেগা থেকে বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম। পাশাপাশি সংসদের শীতকালীন অধিবেশনে এই আইনের প্রভূত পরিবর্তন করে ভিবিজিরামজি বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্র সরকার।

এর প্রতিবাদে সংসদের উভয় কক্ষেই সরব হয়েছে কংগ্রেস। সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে করেছে প্রতিবাদ, এছাড়াও রাজ্যের রাজ্যে ধ্বনিত হচ্ছে প্রতিবাদ। আজ সনিয়া গান্ধী এক ভিডিও বার্তায় এই নতুন বিল এবং মানরেগার পরিবর্তন করা নিয়ে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন।

সোনিয়া দেশবাসীকে ভাই-বোন সম্বোধন করে, কুড়ি বছর আগে শুরু হওয়া মনরেগাকে এক যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি বলেন আমার এখনো মনে আছে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন যখন সংসদে মনরেগা আইন সর্বসম্মতিতে পাশ হয়েছিল। এর সুবিধা কোটি কোটি গ্রামীণ পরিবার পেয়েছিল, বিশেষ করে বঞ্চিত শোষিত গরিব, অতি গরিব পরিবারের মানুষজনের রুটিরজির ব্যবস্থা হয়েছিল এর মাধ্যমে বলেন সোনিয়া। রোজগারের জন্য গরীব মানুষকে নিজের গ্রাম, ঘর পরিবার, নিজের মানুষ, নিজের মাটি ছেড়ে পালানো থেকে রক্ষা করেছিল এই আইন।

এমনই গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্প। সোনিয়া বলেন, রোজগারের আইনসম্মত অধিকার পেয়েছিল সাধারণ মানুষ। সঙ্গে গ্রাম পঞ্চায়েতগুলো মজবুত শক্তিশালী হয়েছিলো। মনরেগা ছিল মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের স্বপ্ন সাকারে এক অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ।

কিন্তু মোদি সরকার গত ১১ বছরে , গ্রামীণ বেকার, গরিব, বঞ্চিত মানুষের জন্য তৈরি এই প্রকল্পকে দুর্বল করার চেষ্টা করেছে বলেন সোনিয়া।

সোনিয়া বলেন, কোভিড এর সময় এই মনরেগা গরিব মানুষের জন্য সঞ্জীবনী সুধা প্রমাণিত হয়েছিল। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, যে খুবই আফশোসের ব্যাপার অতি সম্প্রতি কেন্দ্র সরকার মনরেগার উপর বুলডোজার চালিয়ে দিল। শুধু যে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিয়েছে তাই নয়, বিনা বিচারে, কারো সঙ্গে শলা পরামর্শ না করে , বিরোধীদের বিশ্বাসে না নিয়ে নিজেদের মনমর্জি মাফিক এই বিলের বদল করলেন।

এখন কে কোথায় কত রোজগার পাবে তা বাস্তবের মাটি থেকে অনেক দূরে দিল্লিতে বসে কেন্দ্র সরকার ঠিক করবে। মনরেগা আনা এবং চালু করায় কংগ্রেসের বিরাট ভূমিকা ছিল। কিন্তু এটি দলীয় কর্মসূচি ছিল না। দেশহিত ও জনহিতে এই উল্লেখযোগ্য প্রকল্পটি করা হয়, বলেন সোনিয়া।

মোদি সরকার এই আইনকে দুর্বল করে দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক, ভূমিহীন গ্রামীন গরিব মানুষের ওপর হামলা করল। দৃপ্ত কণ্ঠে সোনিয়া বলেন এই হামলার মোকাবিলা করতে আমরা সবাই তৈরি। তিনি মনে করিয়ে দেন কুড়ি বছর আগে আমাদের গরীব ভাই-বোনদের অধিকার দেওয়ার জন্য আমিও লড়াই করেছি ।আজও এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি তৈরি, আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। আমার মত কংগ্রেসের সমস্ত কার্যকর্তা ও লাখো লাখো কর্মী আপনাদের পাশে দাঁড়িয়ে এই প্রতিবাদে সামিল।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*