রোজদিন ডেস্ক : রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামোয় বড়সড় সংস্কারের লক্ষ্যে ২৮৬ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৩৮০ কোটি টাকা ঋণ অনুমোদন করল বিশ্বব্যাঙ্ক। ওয়েস্ট বেঙ্গল হেলথ সিস্টেম রিফর্ম প্রোগ্রাম-নামে এই প্রকল্পের মাধ্যমে ৩০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্য জুড়ে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা। পাশাপাশি রোগী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্য পরিষেবার মান পরিমাপের নতুন কাঠামো চালু করা এবং প্রতিকূল পরিস্থিতিতে হাসপাতালগুলির কর্মক্ষমতা বাড়ানোও এই প্রকল্পের আওতায় থাকবে। শুধু চিকিৎসাই নয়, নারী ও কিশোরীদের স্বাস্থ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর, এই পাঁচ জেলায় মাতৃস্বাস্থ্য, কিশোরী স্বাস্থ্য এবং প্রজনন সংক্রান্ত চিকিৎসা পরিষেবায় বৈষম্য কমানোর উপর বিশেষ নজর থাকবে। বিশ্বব্যাঙ্কের মূল্যায়ন বলছে, গত দু’দশকে এই রাজ্য স্বাস্থ্য সূচকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০১০-১২ সালে যেখানে প্রতি হাজার শিশুর মধ্যে ৩২ জনের মৃত্যু হত, ২০১৮-২০ সালে তা কমে দাঁড়িয়েছে ১৯-এ। গড় আয়ুও বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছর যা জাতীয় গড়ের চেয়েও অনেকটাই বেশি।

Be the first to comment