রমিত সরকার, নদীয়া : নদিয়ার শান্তিপুর থানার অধীন ফুলিয়া নবলাগ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় আজ সকালে উদ্ধার হল এক সদ্যজাত কন্যা শিশুর মৃতদেহ। ভোরের এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ঢাকুরিয়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচলতি মানুষ রাস্তার ধারে একটি কলাবাগানের ভেতরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। অস্বাভাবিকভাবে পড়ে থাকা ওই ব্যাগটি দেখে সন্দেহ হয় তাদের। পরে ব্যাগ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি সদ্যজাত কন্যাশিশু। শিশুটিকে তখনই মৃত অবস্থায় পাওয়া যায়।

এই দৃশ্য দেখার পর আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের এবং শান্তিপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নদিয়া জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে জন্মের পরই শিশুটিকে ব্যাগে ভরে কলাবাগানে ফেলে দেওয়া হয়। তবে শিশুর মৃত্যু জন্মের আগে না পরে হয়েছে, কিংবা কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না—সেই সমস্ত বিষয় ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে।
এই ঘটনায় শান্তিপুর থানার পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আশপাশের এলাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে খোঁজখবর শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে কোনো গোপন প্রসব, অসুস্থ প্রসূতি বা শিশুর নিখোঁজের অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকাবাসীর মধ্যে এই ঘটনাকে ঘিরে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment