রোজদিন ডেস্ক : বুধবার ভোরবেলা হাওড়ায় প্রকাশ্যে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যুবককে প্রকাশ্য রাস্তায় লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। গুলি চালিয়ে বাইকে করে পালায় দূষ্কৃতীরা। মৃতের নাম সফিক খান। তিনি প্রোমোটিং ব্যবসায় জড়িত বলে জানা গিয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাইকে করে এসে দু’জন দুষ্কৃতী ওই যুবকের সঙ্গে কথা বলতে বলতে আচমকাই গুলি চালায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। তাঁর মাথায় গুলি লাগে। তারপর আরও কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় আততায়ীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কারা ঘটনায় জড়িত এবং কী কারণে এই খুন, তা জানার চেষ্টা চলছে। মৃত সফিক খানের সঙ্গে প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন, বলেই প্রাথমিক অনুমান। ঘটনায় অভিযোগের তির রোহিত এবং হারুন নামে দুই যুবকের বিরুদ্ধে। হাওড়ার সিপি জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তারা বর্তমানে পলাতক এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। পুরনো বিবাদের জেরেই এই খুন, প্রাথমিক অনুমান পুলিশের।

Be the first to comment