রোজদিন ডেস্ক : বাম শাসিত কেরলের নাম বদলে “কেরলম” হওয়ায় সিপিএমের সঙ্গে বিজেপির “লিখিত” দোস্তি আছে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার কলকাতার গঙ্গায় ওয়াটার মেট্রো প্রকল্প নিয়ে বাম শাসিত কেরলের সঙ্গে কথা বলতে আগ্রহী রাজ্য। নবান্ন সূত্রে প্রকাশ, কেরলের জনপ্রিয় ওয়াটার মেট্রোর ধাঁচে এখানে গঙ্গায় তা চালু করতে আগ্রহী রাজ্য সরকার। আগামী সপ্তাহে এই নিয়ে কলকাতা পুরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক হবে। কেরলের কোচির ওয়াটার মেট্রোর এক প্রতিনিধি দলের সেখানে উপস্থিত থাকার কথা। তাঁরা কোচির ওয়াটার মেট্রো নিয়ে প্রেজেন্টেশন দেবেন। কোচির মত এখানে ও অত্যাধুনিক ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালানো হবে৷ দ্রুতগামী এই বোটের সহায়তায় যাত্রীরা আরও দ্রুত ও স্বচ্ছন্দে গঙ্গায় যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যে ৫০টি জেটি আধুনিক করা হয়েছে। ২৫০ কোটি টাকা খরচে ১৩টি ই-ভেসেল জলে নামছে। আর ও ২২টি ভেসেল ও তৈরি করা হয়েছে৷ গঙ্গার ঘাটগুলিতে স্মার্ট গেটও বসেছে। দোলের পরই এই বিষয়ে বৈঠক হবে।
উল্লেখ্য কোচির ওয়াটার মেট্রো সারা দেশে প্রথম ও এশিয়ার বৃহত্তম ফেরি গণ পরিবহণ। মূল ভূখণ্ডের সঙ্গে ১০টি দ্বীপকে তা যুক্ত করেছে।
তবে কোচিতে সমুদ্র পথে তা চলাচল করে। এখানে গঙ্গায় কিভাবে তা চালানো হবে তা নিয়ে চিন্তা ভাবনা চলছে।
এখনও এই প্রকল্প নিয়ে প্রাথমিক স্তরে চিন্তা ভাবনা চলছে বলে নবান্ন সূত্রে জানা যায়।

Be the first to comment