যুদ্ধ কোন সমস্যার সমাধান না, শান্তির পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : গত শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ নিয়ে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সওয়াল করলেন শান্তির পক্ষে।
আজ প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ কোন সমস্যার সমাধান নয়।ভারত আইনের শাসন, সংলাপ ও কূটনীতিতে বিশ্বাস করে।
গতকাল শ্রীলঙ্কা উপকূলে ইরানের রণতরী আমেরিকা ডুবিয়ে দেওয়ার পর তাঁর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আজ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেক্সান্ডার স্টাবের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী এই সব কথা বলেন।
উল্লেখ্য, ইরানের ওই রণতরীতে মার্কিন হামলায় এখন অবধি ৮৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যা নিয়ে আমেরিকার বিরুদ্ধে রীতিমত হুঙ্কার দিয়ে ইরান বলেছে, এর জন্য ওদের অনুশোচনা করতে হবে। এই রণতরীটি ভারতের আন্তর্জাতিক নৌমহড়া “মিলন”-এ অংশ নেয়। গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি অবধি বিশাখাপত্তনম বন্দরে এই নৌমহড়া হয়। একে ভারতের অতিথি বলা হয়েছে।
আজ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেক্সান্ডার স্ট্যাবের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী। বলেন, ভারত ও ফিনল্যান্ড উভয়েই আইনের শাসন, আলোচনাও কূটনীতিতে বিশ্বাসী। কারও নাম না করলেও মধ্য প্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই তাঁর এই বার্তা বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, সামরিক সংঘাত কোন সমস্যার সমাধান কর‍তে পারে না। রাষ্ট্র সঙঘ প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা দুজনেই নিশ্চিত যে বিশ্ব প্রতিষ্ঠানগুলির জরুরি সংস্কার প্রয়োজন।
এর পাশে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির কথা বলেন। ফিনল্যান্ডের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানান।
উল্লেখ্য, গত সপ্তাহে আরম্ভ হওয়া যুদ্ধ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই এর নিহত হওয়া ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রী নীরব থাকায় প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী কংগ্রেস। বিশেষত কাশ্মীর প্রশ্নে আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের ভারতের পাশে দাঁড়ানোর কথা মনে করিয়ে দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*