রোজদিন ডেস্ক : পূর্ব ঘোষণা মতো এসআইআরে বিবেচনাধীনদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হল শুক্রবার। এদিন যথারীতি রাত বারোটার কিছু আগে তালিকা প্রকাশের কথা জানায় নির্বাচন কমিশন। বলা হয়, রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইট, ইসিআই নেট অ্যাপে ঢুকে এপিক নম্বর দিয়ে তালিকায় নাম দেখে নিতে পারবেন ভোটাররা। তবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকার মত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাযতেও ঠিক কত নাম আছে, আর কত বাদ পড়ল তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আনেনি কমিশন। যদিও এপর্যন্ত ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে এদিন সিইও দফতরের তরফে জানানো হয়। যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। বলা হয়েছে, প্রতিকারের জন্য ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দফতরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আবেদন করতে পারবেন বৈধ ভোটাররা। তবে একটা ভোটার লিস্টে নাম তোলার জন্য এতগুলি ধাপ কেন একজন ভোটারকে পেরোতে হবে সে প্রশ্নও উঠছে।

Be the first to comment