রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালের কাজ শুরু হল সোমবার। জোকার শ্যামাপ্রসাদ ইনস্টিটিউটে বসছে এই বিশেষ ট্রাইব্যুনাল। এর জন্য তৈরি হয়েছে পরিকাঠামো। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্যই এই ব্যবস্থা। প্রথম দিনেই ট্রাইব্যুনাল চত্বরে ছিল চোখে পড়ার মতো ভিড়। নাম বাদ পড়া বহু মানুষ সকাল থেকেই হাজির হন। আবেদন জমা দেওয়া ও শুনানির সম্ভাবনায় দিনভর ভিড় ছিল ওই চত্বরে। সূত্রের খবর, মোট ১৯ জন বিচারকের মধ্যে সোমবার ১৬ জন বিচারক কাজ শুরু করেছেন। তাঁরা জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখছেন। প্রাথমিক পর্যায়ে নথিপত্র যাচাই করে দেখা হচ্ছে অভিযোগের ভিত্তি কতটা গ্রহণযোগ্য। ট্রাইব্যুনালের কার্যপ্রণালী অনুযায়ী, কোনও আবেদনে বিভ্রান্তি বা অসঙ্গতি থাকলে আবেদনকারীকে ডেকে পাঠানো হবে। প্রয়োজন অনুযায়ী শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, দ্রুত বেশি সংখ্যক আবেদন নিষ্পত্তি করাই ট্রাইব্যুনালের প্রধান লক্ষ্য। ভোটের আগে যাতে কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ। ভোটের মুখে এই ট্রাইব্যুনালকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহও যথেষ্ট। প্রথম দিনের ভিড়েই স্পষ্ট, নাম বাদ পড়ার সমস্যা মেটাতে টাইব্যুনালেই ভরসা রাখছেন মানুষ।

Be the first to comment