রোজদিন ডেস্ক: ভোটের আগে বাইক বাহিনীর দাপট রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সিইও দফতর থেকে জারি করা নির্দেশিকায় ভোটের দু’দিন আগে থেকেই মোটরবাইক চলাচলে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশ অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও ধরনের বাইক র্যালি বা মোটর সাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ওই সময় থেকে রাত ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চলাচলেও জারি থাকছে নিষেধাজ্ঞা। তবে জরুরি চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনের ক্ষেত্রে এই নিয়মে ছাড় থাকবে। ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটর বাইকের পিছনে কোনও আরোহীকে বসানো যাবে না। যদিও স্কুল পড়ুয়া বা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র পরিবার নিয়ে ভোট দিতে যাওয়া বা জরুরি প্রয়োজনে বাইকের অনুমতি দেওয়া হয়েছে।ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে ছাড় পেতে হলে সংশ্লিষ্ট থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

Be the first to comment