রোজদিন ডেস্ক : নিজের নির্দিষ্ট সরকারি আবাসন ছেড়ে হোটেলে বসে বিজেপি প্রার্থীর সঙ্গে বৈঠক করছেন কমিশন নিযুক্ত পুলিশ অবজার্ভার পিএস পুরুষোত্তম দাস। এই অভিযোগে পুলিশ পর্যবেক্ষক পুরুষোত্তম দাসের অপসারণের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু কমিশন এনিয়ে কোনও উত্তর না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। শুক্রবার এই সংক্রান্ত মামলায় তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে কমিশনকে জবাব দিতে সময় বেঁধে দিল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে লিখিত আকারে জবাব দিতে হবে। এর আগে গত ২১ এপ্রিল কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। অভিযোগ, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে আলাদা করে হোটেলে বৈঠক করেছেন পুরুষোত্তম দাস। তৃণমূলের দাবি, কমিশনকে জানানো হলেও কোন পদক্ষেপ করেনি কমিশন। যদিও কমিশনের দাবি তিনি নির্ধারিত জায়গাতেই বৈঠক করছিলেন। বৈঠকের জায়গায় সিসিটিভিও ছিল। অসৎ উদ্দেশ থাকলে তো সিসিটিভি বন্ধ করে দিতেন। ফুটেজ তো হোটেল থেকেই দেওয়া হয়েছে বলে সওয়াল করে কমিশন। তার প্রেক্ষিতে বিচারপতি রাওয়ের মন্তব্য, তৃণমূল যে অভিযোগ করেছে তার লিখিত উত্তর আপনারা দিয়ে দিন।

Be the first to comment