রোজদিন ডেস্ক :
আগামীকাল বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে প্রার্থীদের পুজো দেওয়ার ঢল নামে। সনাতনী ধর্মে বিশ্বাসী গেরুয়া শিবির প্রার্থীদের আজ বিভিন্ন মন্দিরে পুজো দিতে পরামর্শ দিয়েছিল। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের বহু প্রার্থীকে মন্দিরে পুজো দিতে দেখা যায়। অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, দেবাশিস মুখার্জি, লক্ষণ ঘোড়ুই প্রমুখ বহু প্রার্থী ভক্তিভরে মন্দিরে পুজো দেন। কালচিনির বিজেপি প্রার্থী বিশাল লামা বৌদ্ধ মন্দিরে পুজো দেন।
তৃণমূলের বিদায়ী মন্ত্রী শশি পাঁজাও পুজো দেন।
আগামীকাল গণনার দিন আবীরের চাহিদাও তুঙ্গে। সবুজ ও গেরুয়া আবীরের চাহিদা বেশি হলেও অনেক জায়গায় লাল আবীরও রাখা হচ্ছে। এই ছাড়া বহু মিষ্টির দোকানে শোভা পাচ্ছে বিভিন্ন দলের প্রতীক সহ রকমারি, রঙবাহারি মিষ্টিও। এখানেও চাহিদা বেশি তৃণমূল ও বিজেপিরই। দু-এক জায়গায় কাস্তে হাতুড়ি তারাও উঁকি দিচ্ছে।
কয়েক মাসের মহাসমরের পর এখন আগামীকাল কি হয়, সেদিকেই তাকিয়ে সারা রাজ্য, সারা দেশও।

Be the first to comment