রোজদিন ডেস্ক : আপনারা মানুষের ভোটে হারেননি। গায়ের জোরে ভোট লুঠ করে আপনাদের হারানো হয়েছে। আক্রান্ত কর্মীদের পাশে থাকুন। তাদের সাহস জোগান। কেউ দল ছেড়ে গেলে যাবে। শুক্রবার কালীঘাটের বাড়িতে সদ্য নির্বাচনে পরাজিত প্রার্থীদের এভাবেই চাগানোর কাজটা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভরসা দিলেন পরাজিত প্রার্থীদের। নেত্রীর সাফ কথা, কেউ যদি মনে করেন দল ছেড়ে অন্য কোথাও যাবেন, যেতে পারেন। সতীর্থদের প্রতি নেত্রীর নির্দেশ, নিজের এলাকার কর্মীদের পাশে দাঁড়ান। হামলা, হেনস্থা হলে পুলিশকে জানান। অনলাইনে অভিযোগ করুন। বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সতীর্থদের ভরসা দেন। বলেন, মনোবল হারালে চলবে না। আমরা লড়াই করব। ফিরে আসব। আমরা আবার রাস্তায় নামব। এদিন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে দলের তরফে জানানো হয়, শনিবার ১৬ মে থেকেই তিনটি টিম তিন জেলায় যাবে। একটি দক্ষিণ ২৪ পরগনা, একটি পূর্ব মেদিনীপুর ও একটি হুগলিতে যাবে। ঘুরে এসে তারা রিপোর্ট দেবে দলকে। এদিনের বৈঠকের কথা দলের তরফে আগে থেকে ঘোষণা করা হলেও বেশ কয়েকজনকে বৈঠকে দেখা যায়নি। তাদের মধ্যে রয়েছেন, অদিতি মুনসি, সোহম চক্রবর্তী, রাজ চক্রবতীররা।

Be the first to comment