প্রতিবেদন: ডিজিটাল অর্থনীতিতে পশ্চিমবঙ্গের ভূমিকা আরও শক্তিশালী করতে ফ্লিপকার্ট গোষ্ঠীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে ফ্লিপকার্ট গোষ্ঠীর সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি, মুখ্য কর্পোরেট বিষয়ক আধিকারিক রজনীশ কুমার এবং সংস্থার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে রাজ্যে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পের প্রসারের মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাজ্যে ফ্লিপকার্টের বিনিয়োগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে, দেশের মধ্যে সংস্থার বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার পশ্চিমবঙ্গে গড়ে তোলার সিদ্ধান্তকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। সরকারের দাবি, এই বিনিয়োগের ফলে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়েছে। বৈঠকে কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, রাজ্যের হস্তশিল্প ও তাঁতশিল্পের বিপণন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, স্টার্ট-আপ ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগ, যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে পশ্চিমবঙ্গের পণ্যের বাজার আরও ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে। ফ্লিপকার্ট কর্তারা পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অংশীদারিত্বের প্রতিশ্রুতি দেন।

Be the first to comment