রোজদিন ডেস্ক :
অভিষেকের জন্যই তাঁরা দল ছেড়েছেন, তাঁর শিবির ছেড়ে চলে যাওয়া একের পর এক নেতাদের দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ সমাজ মাধ্যমে এক বার্তায় তেজের সঙ্গে তিনি সাফ জানান, অভিষেক বাঘের মত লড়ছে। বিরোধী শিবিরে যোগ দেওয়া নেতাদের এক হাত নিয়ে তীব্র ভঙ্গিতে তিনি সাফ জানিয়ে দেন, অভিষেককে খারাপ বলাটা এখন বাহানা হয়ে গেছে! নিজেদের পিঠ বাঁচাতে ওঁরা এই সব বলছেন বলে তোপ দাগেন তিনি।
আজ ই তাঁর দীর্ঘদিনের একনিষ্ঠ অনুগামী মদন মিত্র যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। এরপর সমাজ মাধ্যমে সাংসদ ভাইপো অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়ালেন মমতা ব্যানার্জি। তাঁর বিরোধী শিবিরকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, এখন অভিষেক খারাপ হয়ে গেছে! এটা বাহানা। অভিষেক বাঘের মত লড়ছে।
একদা তাঁর অত্যন্ত স্নেহধন্য অনুব্রত মন্ডল, মদন মিত্র আজ একই সুরে অভিযোগ করেন, অভিষেকের জন্যই তাঁদের জেলে যেতে হয়েছিল।
যা মানতে নারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী। দৃপ্ত কন্ঠে বিজেপিকে নিশানা করে তিনি জানিয়ে দেন, তাঁদের লড়াই চলবে। দলকে নতুন করে তিনি সাজিয়ে তুলবেন৷ তাঁর বয়স নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের কটাক্ষ করে বলেন, বয়েস দেখিয়ে কাউকে অসম্মান করার চেষ্টা করবেন না। এইসব যাঁরা বলেন, তাঁদের জীবনের কোন গ্যারান্টি আছে?
বিজেপি শেষ না হওয়া অবধি তিনি আছেন জানিয়ে তিনি বলেন, মানুষের ভালবাসায় তিনি বাঁচবেন৷ এর পাশে পুরানোরা যাঁরা চলে গেছেন, তাঁরা ফিরে আসুন বলে জানান।
একসময় তিনিই ছিলেন পুলিশমন্ত্রী। আজ পুলিশকে এক হাত নিয়ে মমতা ব্যানার্জি বলেন, পুলিশ এখন বিজেপির দলদাস হয়ে গেছে। তারাই ভয় দেখিয়ে, জোর করে তাঁর দল ভাঙাচ্ছে। বহু নেতা, কর্মী সমর্থক রা জেলে আছেন। ভয় দেখিয়ে তাঁদের কাবু করা যাবে না বলে দাবি করেন৷ বলেন, তিনি যদি ওদের (বিজেপি) সঙ্গে সেটিং করতেন তবে কি আর এই সব হোত!
বিরোধীদের অনেকে মনে করিয়ে দিয়েছেন, তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীন কিভাবে বিরোধীদের দমন পীড়ন করেছিলেন। আজ ক্ষমতা হারিয়ে তিনি পুলিশকে দোষারোপ করার সমালোচনা করেন তাঁরা।

Be the first to comment