প্রতিবেদন: ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরোয় কি এবার গণইস্তফা পর্ব শুরু হল? গত এক মাসে যা অবস্থা তাতে এমন প্রশ্নই উঠছে। তথ্য বলছে, গত এক মাসে ইসরো থেকে ইস্তফা দিয়েছেন একশো জনেরও বেশি বিজ্ঞানী। যার জেরে আগামী বছর ইসরোর গগনযান অভিযান নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। তবে ঠিক কী কারণে, এভাবে ইস্তফার মিছিল তা নিয়ে একটা শব্দও খরচ করেনি ইসরো কর্তপক্ষ। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের একাংশের মতে, সম্প্রতি, ভারতের মহাকাশ গবেষণায় নতুন অনেক বেসরকারি সংস্থা প্রবেশ করছে। তারাই ইসরোর বিজ্ঞানীদের বেশি টাকার চাকরির অফার করছে। সেখানে, পদোন্নতির সুযোগও বেশি। সম্ভবত এর জেরেই দলে দলে ইসরো ছাড়ছেন বিজ্ঞানীরা। অনেকের মত, এতে গগনযানের মতো অভিযান পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকেই এবার গোটা ঘটনায় হস্তক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মহাকাশ বিভাগ গত ১৪ জুলাই এক নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, গগনযানের মতো গুরুত্বপূর্ণ অভিযান বা জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কোনও প্রকল্পে যুক্ত থাকা প্রথম সারির কোনও বিজ্ঞানী ইস্তফা দিতে চাইলে বা স্বেচ্ছাবসর নিতে চাইলে, এতদিন তাদের ইসরোর বিভিন্ন সেন্টারের ডিরেক্টরদের কাছে ইস্তফা দিতে হত। নয়া নির্দেশিকায় তাঁদের সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এবার থেকে কোনও বিজ্ঞানী ইস্তফা দিতে চাইলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মহাকাশ বিভাগ। তবে সংশ্লিষ্ট মহলের মত, বিজ্ঞানীদের জোর করে আটকে রেখে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে নীতিগত বদল আনা প্রয়োজন।

Be the first to comment