নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিভিন্ন মামলায় গ্রেফতার কোচবিহারের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে ১১ দিন পর ফের কোচবিহার জেলা আদালতে পেশ করল পুলিশ। সোমবার তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক অভিযুক্তকে আরও তিন দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ জুলাই বাগডোগরা এলাকা থেকে অভিজিৎ দে ভৌমিককে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। পরদিন, অর্থাৎ ২৩ জুলাই তাঁকে কোচবিহার জেলা আদালতে পেশ করা হলে আদালত প্রথম দফায় পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই রিমান্ড পর্বে বিভিন্ন মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা।

সোমবার পুনরায় রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে কোচবিহার জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে দাবি করে পুলিশ। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তকে আরও তিন দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এদিন আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা আদালত প্রাঙ্গণ ও আশপাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী। কড়া নিরাপত্তার বলয়ের মধ্যেই অভিজিৎ দে ভৌমিককে আদালতে আনা ও নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর রাখা হয়।
উল্লেখ্য, অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁর কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে বলে তদন্তকারী সূত্রে ইঙ্গিত মিলেছে।

Be the first to comment