রোজদিন ডেস্ক : ব্যাট হাতে প্রাথমিক কাজটা করলেন তিন তনয়া, শেফালি, স্মৃতি আর রিচা, বাকিটা সারলেন ভারতের স্পিনাররা। নিট ফল, চলতি এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনাটা এল মহিলা ক্রিকেট দলের হাত ধরে। জেতার পর গর্বিত অধিনায়ক হরমনপ্রীত গলায় সোনার মেডেল ঝুলিয়ে বললেন, এশিয়াডের সোনার স্বাদই আলাদা। গত এশিয়াডেও মহিলা ক্রিকেটের সোনাটা পেয়েছিল ভারতই। এশিয়া কাপ ফাইনালের পর এশিয়ান গেমসের ফাইনালেও শ্রীলঙ্কাকে দুরমুশ করল ভারত। ম্যাচে ভারতের মেয়েদের ব্যাটে, বলে আগুনে পারফরম্যান্স, শেষ পর্যন্ত ১৪৭ রানে জয়। এদিনের ফাইনালে প্রথমে ব্যাট করে স্মৃতি, শেফালি ও রিচার মিলিত ঝড়ে ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড় তৈরি করে ভারত।
এশিয়া কাপের ফাইনালে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এদিন শুরু করেন ভারতের দুই ওপেনার স্মৃতি ও শেফালি। শেফালির ২৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস, অধিনায়ক হরমনপ্রীতের ১৯, তারপর স্মৃতি ও রিচার জুটি ভারতকে বড় স্কোর করতে সাহায্য করে। স্মৃতির ৪৫ বলে ৭৯, ফেরার পর উত্তরবঙ্গের মেয়ে রিচার ২২ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে দু’শোর গন্ডি পার করে যায় টিম ইন্ডিয়া।
এই রান তাড়া করা কঠিন ছিল। কিন্তু শ্রীলঙ্কা যে ভারতের স্পিন স্কোয়াডের সামনে এভাবে আত্মসমর্পণ করবে সেটা ভাবা যায়নি। ভারতের চার স্পিনারের দাপটে ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। বল হাতে শ্রীলঙ্কাকে শুরুতেই ধাক্কা দেন শেফালি। পাঁচ ওভারের মধ্যেই দুজনকে ফেরান তিনি। শেফালি কিন্তু দিন দিন প্রতিপক্ষ দলের ত্রাস হয়ে উঠছেন। শ্রীলঙ্কান অধিনায়ক আতাপাত্তু ভরসা দিলেও তাঁকে ফেরালেন দীপ্তি শর্মা। তিনি যেতেই দীপ্তি আর শ্রীচরণীদের ঘূর্ণির সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কা।
চার ভারতীয় স্পিনার মিলে উইকেট ভাগ করে নেন। দীপ্তি ৩, শ্রীচরণী, শেফালি ও শ্রেয়ঙ্কা ২টি করে উইকেট নিলেন।

Be the first to comment