রোজদিন ডেস্ক: ভাঙড় কলেজের গোলমালে গতকাল ধৃত ছাত্রদের জামিন নিয়ে মঙ্গলবার তপ্ত হয় বারুইপুর আদালত (Baruipur Court) চত্বর। বামপন্থী ছাত্রদের আইনজীবী সায়ন ব্যানার্জি সহ অন্যদের ওপর ডিম, ইঁট ছোঁড়ার অভিযোগ ওঠে৷ ক্ষুব্ধ সায়ন ব্যানার্জি জানান, আদালত চত্বরে আইনজীবীদের দু-ঘন্টা আটকে থাকতে হয়েছে। আইনের শাসন কোথায় বলে তিনি প্রশ্ন তোলেন।
ভাঙড় কলেজে সোমবার বামপন্থী ছাত্রদের সঙ্গে এবিভিপি র সংঘর্ষে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এইদিন সকাল থেকে ই উভয় পক্ষের সমর্থক দের ভিড়ে তপ্ত ছিল আদালত চত্বর। মারমুখি দু পক্ষকে ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী ছিল। বিচারক চার ছাত্রর জামিন মঞ্জুর করেন। সায়ন ব্যানার্জি-সহ তাঁদের আইনজীবীরা আদালতে যাতায়াতের সময় পুলিশের সামনেই তাঁদের ওপর ডিম, ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। পারস্পরিক ধ্বনি, পালটা ধ্বনিতে উত্তাল ছিল আদালত চত্বর। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আদালত চত্বর থেকে বহিরাগতদের সরিয়ে দেয়।
বিচারক বারবার বহিরাগতদের সরাতে বললেও প্রথমে কাজ হয়নি বলে আইনজীবীদের অভিযোগ। আদালত বামপন্থী ছাত্রদের জামিন দেওয়ায় আইনজীবীদের ওপর বিজেপি, এবিভিপি আক্রমণ শানায় বলে সায়ন ব্যানার্জি অভিযোগ করেন।

Be the first to comment