প্রতিবেদন: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বাকি শরিকদের সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন দিল্লির বুকে সাংবাদিক বৈঠক থেকেও সিইসি ও অবৈধ এসআইআর নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। শুক্রবার দুপুরে কলকাতায় ফিরে জ্ঞানেশ কুমার ইস্যুতে সিজেপির আন্দোলনকে পূর্ণ সমর্থনের কথা আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দমদম বিমানবন্দর থেকে বেরনোর সময় তাঁকে দেখতে ও তাঁর প্রতি সমর্থন জানাতে কয়েকশো কর্মী, সমর্থক এয়ারপোর্টের বাইরে জড়ো হয়েছিলেন। সাংসদ দোলা সেনের সঙ্গে নেত্রী বাইরে বেরিয়ে আসতেই তাঁরা নেত্রীর সমর্থনে উচ্ছ্বাসে ফেটে পড়েন। ওঠে শ্লোগান ও ‘জয় বাংলা’ ধ্বনি। তাদের দেখে দাঁড়িয়ে পড়েন নেত্রী। এদিকে মুখ্য নির্বাচন কমিশনারের জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শুক্রবার থেকে দেশ জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি বা ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে রাজধনী দিল্লি, মুম্বই-সহ একাধিক জায়গা উত্তাল। মুম্বইয়ে পথে নেমেছে সিজেপি। “ভোট চোর” জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই দিল্লিতে বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোটের শরিকরা। সেখানেও জ্ঞানেশ কুমারকে হঠাতে সুর চড়িয়ে ছিলেন তৃণমূলনেত্রী। সাংবাদিক বৈঠকে তথ্য, পরিসংখ্যান তুলে ধরে বাংলায় কীভাবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে হারানো হয়েছিল তারও পর্দাফাঁস করেন মমতা। এদিন কলকাতা পৌঁছে এয়ারপোর্ট ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, সিজেপি ও যুব প্রজন্মের আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরাও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই।

Be the first to comment