বিউটি চাঁদ :
আর অফলাইনে নয়, এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার স্টল বুকিংয়ের প্রক্রিয়া হবে অনলাইনে অর্থাৎ পুরোটাই সিঙ্গেল উইন্ডোতে। ২০২৭ সালের ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমেই পুস্তক বিক্রেতা ও প্রকাশকরা স্টলের জন্য আবেদন করতে পারবেন। একইসঙ্গে বইমেলার বিভিন্ন কাজের টেন্ডার সংক্রান্ত তথ্যও এই পোর্টালের মাধ্যমে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
নতুন ওয়েবসাইটে স্টল আবেদনের ক্ষেত্রে একাধিক তথ্য ও নথি জমা দিতে হবে। প্রথমে মোবাইল নম্বর ও অফিসিয়াল ই-মেল আইডির মাধ্যমে OTP ভেরিফিকেশন করতে হবে। এরপর পাবলিশার বা বুক সেলারের নাম, রেজিস্টার্ড ঠিকানা, ক্যাটেগরি, প্রয়োজনীয় স্টলের আয়তন এবং ২০২৬ সালের বইমেলায় বরাদ্দ হওয়া স্টলের আয়তনের তথ্য দিতে হবে। পাশাপাশি বিকল্প মোবাইল নম্বর এবং আবেদনকারীর মালিক, প্রোপ্রাইটর অথবা পার্টনার হিসেবে পরিচয়ও দিতে হবে।
শুধু তথ্য দিলেই হবে না, আবেদনের সঙ্গে একাধিক নথিও আপলোড করতে হবে। লেটারহেডে আবেদনপত্র, ২০২৬-২৭ সালের ট্রেড লাইসেন্স বা এনলিস্টমেন্ট/রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সাম্প্রতিক ক্যাটালগ এবং বইমেলার নিয়ম মেনে চলার সম্মতিপত্র দিতে হবে। লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদের সামনে ও পিছনের কপিও চাওয়া হয়েছে।
যদিও পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে একটি বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছিল। বহু প্রকাশক সেই ঠিকানায় আবেদনও করে ফেলছিল। তবে চিন্তার বিষয় নেই, পুরোনো আবেদনগুলো নতুন সফটওয়্যারে আপলোড করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৫০তম বর্ষের মূল থিম হিসেবে সামনে এসেছে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর। অ্যাডভাইজারি বোর্ডের তরফে সাংবাদিক বৈঠকে এই থিমের কথা জানানো হয়েছে। অর্থাৎ বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষে জাতীয়তাবাদী ইতিহাস ও ‘বন্দেমাতরম’-এর দেড়শো বছরের পরিক্রমাকে কেন্দ্র করে বিশেষ আয়োজন দেখা যেতে পারে।

Be the first to comment