MBBS ADMISSION: টাকার বিনিময়ে মেডিক্যালে পড়ুয়াদের ভর্তি, কোটা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : মেডিক্যাল কলেজগুলিতে টাকার বিনিময়ে এমবিবিএস-এ ভর্তির গুরুতর অভিযোগ। ডোনার বা ‘ট্রাস্ট কোটা’ এবং ‘সেন্ট্রাল পুল’ কোটায় টাকার বিনিময়ে ভর্তি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন ২০২৬ সালের নিট-ইউজি উত্তীর্ণ এক পরীক্ষার্থী। মামলাকারীর দাবি, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডোনার কোটায় যাঁদের ভর্তি নেওয়া হয়েছে, তাঁদের ভর্তি বাতিল করা হোক। অনলাইন পোর্টালের বাইরে সমস্ত এমবিবিএস ও বিডিএস ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখারও আর্জি জানানো হয়েছে। মামলায় বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, অনলাইন কাউন্সেলিং ছাড়া সরকারি মেডিক্যাল কলেজগুলিতে কীভাবে ডোনার ও সেন্ট্রাল পুল কোটায় ভর্তি নেওয়া হচ্ছে? আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, গত ১১ আগস্ট বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিং কমিটি অফলাইনে আসন বণ্টনের অনুমতি দিয়েছে। এর ফলে ভর্তির ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেন হচ্ছে। টাকার বিনিময়ে আসন বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিচারপতি রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে প্রশ্ন করেন, আপনারা কীভাবে প্রার্থী নিচ্ছেন? নির্দিষ্ট নিয়ম মেনেই কি ভর্তি প্রক্রিয়া চলছে? অন্তত যোগ্য প্রার্থীকে ভর্তি নেওয়া হোক। এরপরই আদালত ন্যাশনাল মেডিক্যাল কমিশন ও রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে হবে। ওই কোটায় ভর্তি হওয়া প্রার্থীদের বিস্তারিত তথ্য, নম্বর ও র‍্যাঙ্কও রিপোর্টে জানাতে হবে। কাউন্সেলিং ছাড়া কোনও মেডিক্যাল প্রতিষ্ঠানে নিট-ইউজিতে ভর্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন মামলাকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*