রোজদিন ডেস্ক :
পোল্যান্ডের (Poland) ক্রাকোতে এলোপাথাড়ি গুলিতে অন্তত ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক আছেন। আহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক, পুলিশ আধিকারিকও আছেন।শনিবার ক্রাকোর প্রধান বাজারের কাছে আচমকা এক ব্যক্তি গাড়িতে এসে এলোপাথাড়ি গুলি ছোঁড়েন। এই ভয়াবহ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়। পুলিশ বন্দুকবাজকে ধরতে গেলে তিনি তাঁদের ওপরও গুলি চালান। পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বাড়ি থেকেও পুলিশ দুই মহিলা ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতরা আততায়ীর নিকট আত্মীয় বলে পুলিশের অনুমান।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুদিন জাতীয় শোক পালনের ঘোষণা করেছেন।
তিনি জানান, দেশে এমন ঘটনা আগে হয়নি। একে চরম দক্ষিণপন্থী সন্ত্রাস বলে তাঁরা মনে করেন।
পুলিশ সূত্রে প্রকাশ, আততায়ী সামরিক বাহিনীর মত পোশাক পরেছিলেন। তাঁর গাড়ি থেকেও প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। কেন তিনি এমন ভয়ানক আক্রমণ করলেন পুলিশ তদন্ত করছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ২৫০ কিমি দূরে শনিবার দুপুরের এই ঘটনায় চার মহিলা ও দুই পুরুষ মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহতদের মধ্যে এক বিদেশির শারীরিক অবস্থা সঙ্কটজনক।
আমেরিকা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ব্যক্ত করে পোল্যান্ডের পাশে থাকার কথা বলেছে।
১৯৮৯ সালে পোল্যান্ডে কমিউনিস্ট সরকার পতনের পর দেশে আগ্নেয়াস্ত্র বিক্রি বেড়েছে বলে জানা যায়।

Be the first to comment