রোজদিন ডেস্ক :
মাঝ আকাশে ইন্ডিগোর (Indigo) লক্ষ্ণৌ গামী বিমান ছিনতাই এর হুমকি পেয়ে ফের তা ফেরানো হোল বেঙ্গালুরুতে। ১৭৮ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে শনিবার সন্ধ্যা ৬ টার দশ মিনিট আগে বিমানটি লক্ষ্ণৌর দিকে উড়ে যায়। কিছুটা গিয়েই এক যাত্রী টয়লেটে হাতে লেখা একটি চিরকুট পান। সেখানে লেখা ছিল, সাড়ে ছ-টায় এই বিমান ছিনতাই করা হবে। এড়িয়ে গেলে ফল ভুগতে হবে।ওই যাত্রী বিমানকর্মীদের তা জানালে তাঁরা বিমানচালককে অবহিত করেন। এটিসি-তে যোগাযোগও করেন। কোন ঝুঁকি না নিয়ে ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে আনেন বিমান। অবতরণের পর বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেক যাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কোন যাত্রীই এই চিরকুট রেখেছিলেন বলে পুলিশের অনুমান। সব কিছু খতিয়ে দেখার পর কাল রাতে ফের বিমানটি উড়ানের সবুজ সঙ্কেত দেওয়া হয়। রাতে তা লক্ষ্ণৌ-এ নিরাপদে পৌঁছে যায়।
ইন্ডিগো কর্তৃপক্ষ এই ঘটনায় যাত্রীদের অসুবিধায় দুঃখ প্রকাশ করেন। জানান, আদর্শ কার্যপদ্ধতি মেনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ভূয়ো ছিনতাই এর হুমকির নেপথ্যে কে, পুলিশ তা খোঁজার চেষ্টা করছে বলে জানা যায়।

Be the first to comment