প্রতিবেদন: আগামী বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর নজরদারি চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কোথাও অতিরিক্ত ভিড় জমলেই স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল রুমে সতর্কবার্তা পৌঁছে যাবে। একই সঙ্গে কোন এলাকায় তুলনামূলক কম ভিড় রয়েছে, সেই তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যাবে। প্রয়োজনে পুণ্যার্থীদের বিকল্প পথে সরিয়ে দেওয়ার ব্যবস্থাও থাকবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বৈঠক হয়েছে। সেখানে নিরাপত্তা, যাতায়াত ও পরিকাঠামো সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপথে যাতায়াত সহজ করতে কচুবেড়িয়া ও লট নং ৮, উভয় প্রান্তেই জেটির সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রতিটি এলাকায় সাত থেকে আটটি করে জেটি তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে একসঙ্গে আরও বেশি পুণ্যার্থী পারাপার করতে পারবেন। সেই সঙ্গে দীর্ঘ অপেক্ষা ও জেটিঘাটে ভিড় অনেকটাই কমবে।
মেলায় যাওয়ার পথে যে সব সরু রাস্তা রয়েছে সেগুলিও চওড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ যাতায়াত পথগুলির উন্নয়নে জোর দিচ্ছে প্রশাসন। এ ছাড়া গঙ্গাসাগরের ৬ নম্বর সমুদ্র সৈকতের পরবর্তী এলাকায় পুণ্যার্থী ও পর্যটকদের জন্য ভাড়ায় থাকার তাঁবু তৈরির পরিকল্পনাও রয়েছে।

Be the first to comment