রোজদিন ডেস্ক: দলের নাম ও প্রতীক কাদের? তৃণমূল কংগ্রেসের যুযুধান দুই শিবিরের লড়াই এখন এসে ঠেকেছে চূড়ান্ত ধাপে। এই প্রশ্নের ফয়সালা করবে নির্বাচন কমিশন। চূড়ান্ত হিয়ারিংয়ের আগে তাই কমিশনের নির্দেশ মতো রবিবার প্রয়োজনীয় নথি জমা করল মমতা তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে মমতা তৃণমূল কংগ্রেসের তরফে দুই ট্রাকভর্তি নথি জমা দেওয়া হয়। সঙ্গে ছিলেন দলের তিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। আরও নথি জমা দেওয়া হবে বলে এদিন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ বলেন, যা যা নথি জমা দেওয়া হচ্ছে তা গদ্দার শিবিরকেও দেওয়া হবে। প্রত্যেকটি হলফনামায় স্ট্যাম্প পেপারে ব্যক্তির ছবি-সহ ভোটার কার্ডের ফটোকপি যুক্ত করা হয়েছে। তৃণমূল সাংসদ জানিয়েছেন, লোকসভার আটজন এবং রাজ্যসভার ন’জন মিলিয়ে মোট ১৭ জন সাংসদের সই করা হলফনামা জমা দেওয়া হয়েছে। ৩২ জন বিধায়কের সই করা হলফনামা জমা পড়েছে। মেঘালয়ের পাঁচজন এবং অসমের পাঁচজন বিধায়কের সমর্থন জমা পড়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বাকি ছ’জনের সমর্থন জমা দেওয়া হয়েছে। কাউন্সিলর এবং অন্যান্য জনপ্রতিনিধিদের হলফনামাও জমা দেওয়া হয়েছে। দুই লক্ষের বেশি প্রাইমারি মেম্বারের সমর্থনের হলফনামা জমা পড়েছে।

Be the first to comment