প্রতিবেদন: বিজেপি না জিতলেই হয়তো ভালো হত। বক্তার নাম রত্না দেবনাথ, পানিহাটির বিজেপি বিধায়ক। খোদ দলের বিধায়কের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। রত্নার এই মন্তব্যের পরই মুখ খুলেছেন রাজ্যের দুই মন্ত্রী দিলীপ ঘোষ ও অর্জুন সিং। তারা দু’জনেই এক সুরে সংবাদমাধ্যমের সামনে বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। অর্জুন সিংয়ের সাফ কথা, অপরিণত কথা বলেছেন বিধায়ক রত্না দেবনাথ। আবেগে এই কথা বলেছেন তিনি। এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস ও ভরসা রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের উচিত তাকে গ্রেফতার করা। আর এক মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কোথাও সমস্যা থাকলে, সেটা পার্টি নেতৃত্ব দেখবে। ওনার কথাটা ঠিক জায়গায় বলা উচিত। মিডিয়ার সামনে বললে সমস্যার কোনও সমাধান হয় না, উল্টে সমস্যা তৈরি হয়। এর আগে রবিবার পানিহাটিতে এক বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। বিধায়ক রত্না দেবনাথ মৃত কর্মীর পরিবারকে সাত্বনা জানাতে গিয়ে কেঁদে ফেলেন। তখন তিনি মন্তব্য করেন, বিজেপি ক্ষমতায় না এলে হয়তো ভালোই হত।

Be the first to comment