প্রতিবেদন: দ্বিতীয়বার আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন ভারতের জয় শাহ। এই জয়ের ফলে আরও ২ বছর মেয়াদের জন্য তিনি সংস্থার শীর্ষপদের এই দায়িত্ব পেলেন। ৩৮ বছরের জয় শাহ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেও তাঁর বিপক্ষে আর কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তিনি। বালিতে আয়োজিত আইসিসির বৈঠকে কেবল তাঁর নামই প্রস্তাব করা হয়, আর তিনি পুনর্নির্বাচিত হন। জয়ের পর জয় শাহ বলেন, আইসিসির চেয়ারম্যান হিসাবে কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে যেমন সম্মানের, তেমনই বড় দায়িত্বের। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সদস্য দেশগুলির সঙ্গে একযোগে আগামীদিনে কাজ করতে চাই। দ্বিতীয় মেয়াদে তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপ। তাছাড়া ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও রয়েছে। কারণ, এবার সেখানেও থাকছে ক্রিকেট।

Be the first to comment