MAMATA TRINAMOL : নির্বাচন কমিশনে জাল হলফনামা ও নথি, কালীঘাট থানায় এফআইআর মমতা তৃণমূলের

Spread the love

প্রতিবেদন: হলফনামায় জাল সই করে তা নির্বাচন কমিশনে জমা দিয়েছে ঋতব্রত শিবির। আর এই কাজে তাদের দোসর পুলিশের একাংশ। এই অভিযোগ জানিয়ে রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী কলকাতার কালীঘাট থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে ভারতের নির্বাচন কমিশনের কাছে জাল নথি এবং হলফনামা জমা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। অভিযোগপত্রে নানুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সঞ্জয় সরকার এবং সাব-ইন্সপেক্টর গোলক ঘোষ, দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও নানুর থানার অন্যান্য কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের এই যড়যন্ত্র ও জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে নানুর থানা এবং পুলিশ আধিকারিকদের ব্যবহার করে নির্বাচন কমিশনে ঋতব্রতরা নিজেদের সাংগঠনিক শক্তি ও সমর্থন দেখানোর উদ্দেশ্যে হলফনামা জাল করার একটি পরিকল্পনা করে এবং জাল হলফনামা তৈরির অভিযান চালানো হয়।

আরও অভিযোগ করা হয়েছে যে, এই কাজের জন্য আশপাশের গ্রামগুলির ভোটার তালিকা সংগ্রহ করে সেখান থেকে নাগরিকদের নাম এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে স্ট্যাম্প পেপারে আগে থেকে লিখে রাখা বিবৃতিতে ঢোকানো হয়। প্রয়োজনীয় তথ্য ছাড়াই নথিগুলি তৈরি করা হয়। আর সবচেয়ে গুরুতর অভিযোগ হল যে, গ্রামবাসীদের অজান্তে এবং সম্মতি ছাড়াই তাঁদের স্বাক্ষর জাল করা হয় এবং নথিগুলিকে আসল দেখানোর জন্য নোটারি পাবলিকের সিল ও স্বাক্ষরও জাল করা হয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিক এবং দুই বিধায়কের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে, ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩-এর ৬১(২), ১৯৮, ২০১, ২২০, ২৩৬, ৩৩৬, ৩৪০ এবং ৩৪১ ধারায় এফআইআর দায়ের এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানানো হয়েছে। এই অভিযোগ নিয়ে আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মাত্র সাতদিন অপেক্ষা করুন। তৃণমূল কংগ্রেস এবং তার জোড়া-ফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে এবং থাকবে। সাত দিনের মধ্যে আমি আপনাদের সবাইকে বড় পর্দায় এবং মিডিয়ার সামনে দেখাব, কীভাবে থানার ভিতর থেকে হলফনামা দাখিল করা হয়েছিল। তিনি সংবাদমাধ্যমে এই কথা বলার পর রবিবার তা নিয়ে এফআইআর দায়ের করল মমতা তৃণমূল কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*