সুস্মিত মজুমদার :
পর্যটন শিল্পে চাই আরও দক্ষ কর্মী। এজন্য রাজ্য সরকার উন্নত ধরনের প্রতিষ্ঠান গড়বে। সোমবার সন্ধ্যায় টাকি পর্যটন কেন্দ্রে একটি বেসরকারি হোটেলের উদ্বোধন করতে এসে একথা বলেন, রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের প্রসারে প্রচারের অনেকটা খামতি আছে। আমরা ক্ষমতায় আসার পর এরাজ্যের পর্যটন শিল্পকে ঘিরে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন টাকির ইছামতীর তীরে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে বেসরকারি হোটেলটির উদ্বোধন করেন রাজ্যে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, এরাজ্যে পর্যটন ক্ষেত্রগুলিকে ভিনরাজ্যের মানুষের কাছে আকর্ষণ বাড়াতে হবে এমনকী দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে তা তুলে ধরতে হবে। এজন্য পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে ট্যুরিজম সার্কিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা বিমান বন্দরকে কেন্দ্র করে এই সার্কিট তৈরি হবে বলে তিনি জানান । পর্যটন মন্ত্রী বলেন,পর্যটন শিল্পের একটা বড় উপাদান হোটেল ব্যবসা। হোটেল পরিচালনায় দরকার অনেক দক্ষ কর্মী। কর্মীদের দক্ষতার ওপরেই নির্ভর করে গ্রাহক সন্তুষ্টি। সেদিকে হোটেল মালিকদের লক্ষ্য রাখতে হবে।

Be the first to comment