সুস্মিত মজুমদার : গ্রামীণ চিকিৎসার নামে কার্যত ক্লিনিক খুলে রোগী দেখার অভিযোগ উঠলো বসিরহাটের বাদুড়িয়া থানার আটুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আরিফ বিল্লা মণ্ডল নামক এক ব্যক্তির বিরুদ্ধে। বসিরহাট-তেঁতুলিয়া রোডের ধারে তার চেম্বার ঘিরে উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। অভিযোগ, কোনও এমবিবিএস ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে তিনি রোগী দেখছেন। শুধু তাই নয়, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওষুধ বিক্রি, প্রেসক্রিপশন তৈরি এবং একাধিক চিকিৎসা পরিষেবা চালানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির চেম্বারে রয়েছে একাধিক বেড, অক্সিজেন সিলিন্ডার ও স্যালাইন সহ বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম। অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সেখানে রোগীদের চিকিৎসা করা হচ্ছে। বসিরহাট, স্বরূপনগর, বাদুড়িয়া, গাইঘাটা, মছলন্দপুর এমনকী বনগাঁ থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য তার কাছে আসেন। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মানুষ তাকে চিকিৎসক হিসেবেই মনে করে চিকিৎসা করাতে আসছেন। সবচেয়ে উদ্বেগের বিষয়, অভিযোগ অনুযায়ী, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো অত্যন্ত সংকটজনক সমস্যায় আক্রান্ত রোগীরাও তার কাছে চিকিৎসার জন্য আসছেন। বিভিন্ন জটিল রোগের জন্য জীবনদায়ী ওষুধের প্রেসক্রিপশনও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিন্তু তার চিকিৎসাগত যোগ্যতা, প্রশিক্ষণ এবং এই ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ার আইনি অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সঠিক চিকিৎসার পরিবর্তে ভুল চিকিৎসা হলে রোগীর জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
ওই ব্যক্তি নিজেকে গ্রামীণ চিকিৎসার সঙ্গে যুক্ত বলে দাবি করলেও তার কাছে রুরাল হেলথ প্র্যাকটিসের বৈধ অনুমতিপত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়। পাশাপাশি ওষুধ বিক্রির ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্টের যোগ্যতা এবং ক্লিনিক পরিচালনার প্রয়োজনীয় নথি সম্পর্কেও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনও স্পষ্ট উত্তর দেননি বলে অভিযোগ।
স্থানীয়দের একাংশের প্রশ্ন, কীভাবে দিনের পর দিন এভাবে চিকিৎসার নামে চেম্বার চালানো এবং ওষুধ বিক্রি করা হচ্ছে? সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতরের নজরদারি কোথায়? কোনও ব্যক্তির চিকিৎসাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অনুমোদন না থাকলে তার হাতে সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবন কতটা নিরাপদ, তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে বাদুড়িয়ার আটুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই ক্লিনিককে ঘিরে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ও প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করে স্বাস্থ্য দফতর ও প্রশাসনের তরফে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠছে।

Be the first to comment