প্রতিবেদন: স্বামীর থেকে তাঁর আয় বেশি। কিন্তু ডিভোর্সের মামলায় নিজের চাকরি ও প্রকৃত আয় গোপন করে স্বামীর কাছে বিপুল অঙ্কের খোরপোষ দাবি করেন এক মহিলা। এই ভাবে আদালতের কাছে তথ্য গোপন করার অপরাধে তাঁকে আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস জানিয়ে দেন আবেদনকারী মহিলাকে খোরপোষ হিসেবে বাড়তি এক টাকাও আর দেওয়া হবে না। বিচারপতি বলেন, স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বি-টেক এবং এমসিএ। তাঁর তরফে জমা করা হলফনামায় ইচ্ছাকৃতভাবে নিজের প্রকৃত আয় গোপন করে কোর্টকে বিভ্রান্ত করেছেন তিনি। বেঙ্গালুরুর এক বহুজাতিক সংস্থায় চাকরি করেন ওই মহিলা। তা গোপন করে স্বামীর কাছে বিপুল অঙ্কের খোরপোষ চেয়ে মামলা করেন তিনি। সব জানার পর কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, স্ত্রীকে আর এক টাকাও খোরপোষ দেওয়া হবে না। উল্টে স্বামীর চেয়ে তাঁর উপার্জন বেশি হওয়ার পরেও সেই তথ্য গোপন করার জন্য স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানাও করে আদালত। কয়েক বছর স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ চলার পর ডিভোর্সের মামলা দায়ের হয়। ২০২২ সালের স্বামীর কাছে খোরপোষ চেয়ে আলিপুর আদালতে মামলা করেন স্ত্রী। দাবি করেন, তিনি কোনও উপার্জন করেন না এবং আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল। মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোষ চান। ২০২৪ সালে আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোষ দেওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান স্বামী।

Be the first to comment