প্রতিবেদন: শনিবার মধ্যরাতে ঝাড়খণ্ডে ভয়াবহ পথদুর্ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হল। এদের মধ্যে চারজন শিশু ও চারজন মহিলাও রয়েছে। তারা সকলেই
রাজারাপ্পায় মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে শনিবার রাত দুটো নাগাদ ঝাড়খণ্ডের রামগড় জেলার কুজু থানা এলাকায় রাঁচি-পাটনা জাতীয় সড়কের ওপর তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১৩ জনেরই মৃত্যু হয়েছে। একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সকলেই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দ্রুত গতিতে চলার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। তবে এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাত ২টো নাগাদ প্রচন্ড শব্দ শুনে তাঁরা বেরিয়ে এসে দুমড়ে মুচড়ে যাওয়া স্করপিও গাড়িটি দেখতে পান। প্রথমে তারাই উদ্ধারকাজে হাত লাগান। গাড়ি থেকে ১৪ জনকে বের করে হাসপাতালে নিয়ে গেলে ১৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কোনও রকমে বেঁচে যাওয়া এক পুরুষ যাত্রীর চিকিৎসা চলছে।

Be the first to comment